নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ জুন ২০২৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১১, ২০ জুন ২০২৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের জেলা ও মহানগর শাখা। এ সময় বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

শনিবার (২০ জুন) সকাল ১১টায় নগরীর বিবিরোডস্থ পালকি কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে আয়োজিত নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সমাবেশে গিয়ে সংহতি প্রকাশ করে।

 

সমাবেশে বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্র কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। তাঁকে নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তিকেও বিঘ্নিত করে। তারা সকল ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড দেশের ঐতিহ্যবাহী সম্প্রীতির বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ, জেলা সহ-সভাপতি ও বন্দর উপজেলা সভাপতি হরি সাহা, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগর সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা ও অবিনাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর ও অজয় বিশ্বাস রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, জীবন সাহা ও গৌতম দত্ত, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লুসহ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের বিপুল সংখ্যক সদস্য।

সম্পর্কিত বিষয়: