নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৩২, ২২ জুন ২০২৬

রূপগঞ্জে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রোববার (২১ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার করা হয়। একই অভিযানে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মুরাদ এবং রাসেল (৩২)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে তারা কারখানার নিরাপত্তাকর্মী মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ এবং নগদ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে ডাকাতির রহস্য উদ্ঘাটন করে।

ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আশা করছে, দ্রুতই ডাকাত দলের বাকি সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সম্পর্কিত বিষয়: