নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ জুন ২০২৬

বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৬, ২১ জুন ২০২৬

বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি

নারায়ণগঞ্জের বন্দরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার (২১ জুন) বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার বাদী অপহৃত ছাত্রীর বাবা সাহাবউদ্দিন। তিনি সোনারগাঁও উপজেলার মাধবপুর গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে মো. হাসান (২০) এবং তার এক সহযোগীকে আসামি করে মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, অপহৃত শিক্ষার্থী অন্তরা আক্তার আরজুদা (১৪) বন্দরের মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে বখাটে হাসান তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

 

গত ১৯ জুন শুক্রবার দুপুর ২টার দিকে আরজুদা তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের বালুচর বাজারে যাচ্ছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা হাসান ও তার এক সহযোগী তার পথরোধ করে। পরে জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

ছাত্রীর বাবা সাহাবউদ্দিন বলেন, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল হাসান। ঘটনার চার দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ পাইনি। পরিবার নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি।”

 

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

সম্পর্কিত বিষয়: