নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:১৬, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট শাখায় “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” আয়োজন করেছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংক অ্যাপ রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক নিবন্ধনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য পস (POS) ও বাংলা কিউআর (Bangla QR) সেবার আবেদনও গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান (টনি)। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকের সকল শাখায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ব্যাংকের কর্মকর্তারা জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পূবালী ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে আরও সম্পৃক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাম্পেইনে শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত হন এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রতি আগ্রহ প্রকাশ করেন।