নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণে আরও এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নওশাদ সরকার, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন এবং সহ-সভাপতি হারুন অর রশিদ।
এছাড়া দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তুষার আহমেদ হীরাকে শোকজ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কর্মকাণ্ড বা অপকর্মের দায় দল বহন করবে না। একই সঙ্গে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


































