নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

‎ ১০৫ দিনেও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার ঘর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৮, ৩০ নভেম্বর ২০২৫

‎ ১০৫ দিনেও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার ঘর

নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও’র সরকারি বাসভবনের পুকুর সংস্কার কাজ করতে গিয়ে গত ১৫ আগস্ট ধসে পড়ে বীর মুক্তিযোদ্ধা নায়েক ইব্রাহিমের বাড়ি।

ঘটনাটি চার মাস পার হলেও এখনো মেরামত হয়নি বাড়িটি। আজ মুক্তিযোদ্ধা দিবসেও নিজের ঘরে ফিরতে পারলেন না পরিবারটি।

ধসে পড়ার সময় বাড়িতে ছিলেন মুক্তিযোদ্ধার স্ত্রী, মেয়ে ও তিন নাতনি—অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ান তারা। এরপর ইউএনও অফিস থেকে সাময়িকভাবে থাকার জন্য একটি পরিত্যক্ত ঘর দেওয়া হলেও পানি, গ্যাস, বিদ্যুৎহীন সেই ঘরে দুর্ভোগে দিন কাটছে পরিবারের।

ইউএনও তাসলিমা শিরীন এক মাসের মধ্যে সংস্কার কাজের আশ্বাস দেন। যুবদলের নেতা মশিউর রহমান রনি, জামায়াতের প্রার্থী মাওলানা আবদুল জব্বার ও মাওলানা মাঈনউদ্দিনও ঘর মেরামতের প্রতিশ্রুতি দেন। কিন্তু ১০৫ দিনেও কোনো কাজ শুরু হয়নি।

উপজেলা প্রকৌশলীর ফোন বন্ধ, প্রশাসনের পক্ষ থেকেও নেই নির্দিষ্ট সময়সূচি। ইউএনও অফিস বলছে পুকুরের কাজ শেষ হলে সহায়তা দেওয়া হবে; তবে কবে শেষ হবে তা কেউ জানায়নি।

মুক্তিযোদ্ধার মেয়ে লাবনী আক্তার বলেন, “ঘর ভেঙে যাওয়ার পর ১০৫ দিনেও মেরামত হলো না। পরিত্যক্ত ঘরে থাকা কঠিন। শীত আসছে যত দ্রুত সম্ভব নিজের ঘরে ফিরতে চাই।”