নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

পানি সংকট দূরীকরণে বন্দরে ৯ পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৯, ৮ এপ্রিল ২০২৬

পানি সংকট দূরীকরণে বন্দরে ৯ পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে একসঙ্গে ৯টি পাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে নগরভবন কতৃপক্ষ। এ লক্ষ্যে একটি পাম্প হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডে আরসিম গেইট পাম্প হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, প্রথম ধাপে এই ওয়ার্ডে পাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে এবং মোট ৯টি পাম্প বসানো হবে। এর মধ্যে এ ওয়ার্ডে কাজের উদ্বোধন করা হয়েছে। এক মাসের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, পানি সংকট নিরসনে নাসিকের ২৭টি ওয়ার্ডে দুইটি করে মোট ৫৪টি পাম্প বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনো কারণে মূল প্লান্ট বন্ধ থাকলে এসব পাম্প থেকে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করা যাবে। এছাড়া ২৩ নম্বর ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় তিনটি পাম্প স্থাপন করা হবে, যা জেলেপাড়া, মাঠপাড়া ও রসুলবাড়ি এলাকায় বসানো হবে।

 

সাখাওয়াত হোসেন খান বলেন, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় উন্নয়ন কার্যক্রম জোরদার করে স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জ একসময় ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত ছিল। পাট, গেঞ্জি ও গার্মেন্টস শিল্পের কারণে এ শহরের আন্তর্জাতিক সুনাম রয়েছে। তবে সেই তুলনায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।