অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাওনা বেতন দাবি করতে গিয়ে এক যুবক মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে গোদনাইল জেলেপাড়া এলাকায়।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার বাসিন্দা সিয়াম (২২) সিদ্ধিরগঞ্জের গোদনাইল জেলেপাড়া এলাকায় অবস্থিত ‘ইউনিটি কনসার্ন’ নামক একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত কারণে চাকরি ছাড়ার সময় প্রতিষ্ঠানটির মালিক মো. দেলোয়ার হোসেনের কাছে তার দুই মাসের বেতন বাবদ প্রায় ১ লাখ টাকা পাওনা ছিল।
ভুক্তভোগীর অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে দেলোয়ার হোসেন তাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকেন এবং একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সিয়াম পুনরায় পাওনা টাকা দাবি করতে প্রতিষ্ঠানের অফিসে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দেলোয়ার হোসেন তাকে অফিস কক্ষে আটকে রেখে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে সিয়ামের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
এছাড়া একপর্যায়ে অভিযুক্ত তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেন।
পরবর্তীতে আহত অবস্থায় সিয়াম নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


































