বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানার সাবেক সংগঠক ও সংবাদকর্মী শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে সংগঠনটির জেলা কার্যালয়ে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা। জেলা সভাপতি সৃজয় সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সহসাধারণ সম্পাদক অপূর্ব রয়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ারসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা বলেন, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর শাহরিয়াজ শুভ্র নিখোঁজ হন এবং পরবর্তীতে ৯ সেপ্টেম্বর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ৯ বছর পার হলেও শুভ্র হত্যার বিচার হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, চিহ্নিত আসামিরা গ্রেপ্তার হওয়ার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার চার্জশিট গঠন করা হয়নি। নারায়ণগঞ্জসহ সারা দেশে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতি দূর করতে শুভ্রসহ গুম-খুনের শিকার সকলের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
জেলা সভাপতি সৃজয় সাহা বলেন, শাহরিয়াজ শুভ্র জীবদ্দশায় একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার যে লড়াই করেছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই লড়াইয়ের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বক্তারা শাহরিয়াজ শুভ্রর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।


































