শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।
সম্প্রতি বিদ্যালয়টিতে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ পাঠাগারে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের মধ্যে নিয়মিত বই পড়ার আগ্রহ ও পাঠাভ্যাস গড়ে তুলতে পাঠাগারে বিভিন্ন ধরনের বই সংযোজন করা হয়েছে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে অবস্থানের সময়কে আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে পাঠাগারটি রঙিন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। ফলে পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে শিক্ষার্থীরা সহজেই বই পড়ার সুযোগ পাচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রম পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হবে। এর মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুদের হাতে বই তুলে দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


































