দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (৭ সেপ্টম্বর) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ কলেজে প্রথম রাউন্ডের প্রথমদিন বিতর্ক প্রতিযোগিতায় ৪টি স্কুল অংশ নিয়েছে। এরমধ্যে দেওভোগ উজির আলী উচ্চ বিদ্যালয় ও বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ডা: শাহনেওয়াজ চৌধুরী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রবিউল ইসলাম। মডারেটর ছিলেন বিতর্ক প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক বিল্লাল হোসেন রবিন। উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা: স্কেলা, সদস্য কামরুন্নাহার, সামাজিক ও যুব স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মাশরুর পারভেজ রাফি প্রমুখ।
আয়োজকরা জানান, স্কুল ভিত্তিক এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দুর্নীতির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করি।


































