নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মদনপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চাঁনপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোসাঃ লাকীর নিজ শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































