নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১। অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কদম রসুলের একরামপুর এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪), শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) এবং ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুরের আন্দিরপাড়া এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯)কে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া পূর্বের মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে চারজন এবং ফৌজদারি কার্যবিধির আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানার মদনপুর ছোটবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব-১১।
পুলিশ ও র্যাব জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































