নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের সম্পদ হতে হবে: সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের  সম্পদ হতে হবে: সাখাওয়াত হোসেন

‎নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, মুখস্থ বিদ্যাই প্রকৃত শিক্ষা নয়; শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হওয়া এবং দেশ ও সমাজের সম্পদে পরিণত হওয়া। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই বড় স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে হবে।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫-এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।

‎সাখাওয়াত হোসেন খান আরও বলেন, শিক্ষার্থীরা অধীর আগ্রহে তাদের পুরস্কার ও সনদের অপেক্ষায় থাকলেও বিদ্যুৎ চলে যাওয়ার পরও তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে বসে ছিল। এই বিষয়টি তার কাছে অত্যন্ত ভালো লেগেছে। কারণ শৃঙ্খলা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।

‎তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ যারা এখানে উপস্থিত রয়েছে, ভবিষ্যতে তাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ দেশের নেতৃত্বদানকারী ব্যক্তি হবে। তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে। তোমরা প্রতিজ্ঞা করবে—দেশের জন্য কাজ করবে, নেতৃত্ব দেবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।’

‎পড়াশোনার অতিরিক্ত চাপ প্রসঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, শিক্ষার্থীদের বয়স ও সামর্থ্য অনুযায়ী পড়াশোনার চাপ দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিনোদন ও বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর মেধা ও শেখার সক্ষমতা এক নয়। কেউ দীর্ঘ সময় পড়েও অল্প কিছু মুখস্থ করতে পারে, আবার কেউ অল্প সময়েই অনেক কিছু শিখতে পারে।

‎তিনি বলেন, ‘মুখস্থ বিদ্যা কোনো প্রকৃত বিদ্যা নয়। প্রকৃত শিক্ষার অর্থ হলো জ্ঞান অর্জন করা। সেই জ্ঞান কাজে লাগিয়ে মানুষের মতো মানুষ হতে হবে, দেশের সম্পদ হতে হবে এবং মা-বাবা ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে।’

‎শিক্ষাকে জাতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রজন্মই একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদেরও মানসম্মত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

‎সাখাওয়াত হোসেন খান আরও বলেন, একটি শিশুর প্রথম পাঠশালা তার পরিবার। পরিবার থেকেই শিশুরা নৈতিক শিক্ষা লাভ করে। অতীতে ছোটরা বড়দের সম্মান করত, সালাম দিত এবং বড়রাও ছোটদের স্নেহ করতেন। সমাজে সেই মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার করতে হবে।

‎শিশুদের হাতে অতিরিক্ত মোবাইল ফোন তুলে দেওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তির কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের মেধা বিকাশ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন হতে হবে।

‎তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবা, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে। শিক্ষার উন্নয়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

‎‎

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, প্রচার সম্পাদক নাঈমা ইসলাম, শিক্ষা সচিব মাজহারুল ইসলাম সজিব।

সংগঠনের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।