অভিযুক্ত সাগর
সিদ্ধিরগঞ্জে মনির হোসেন (৫৩) নামে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত এবং তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামীরা। এ ঘটনায় আতঙ্কে আছে ভুক্তভোগী।
মামলার অভিযোগে মনির হোসেন বলেন, গত ৩১ আগস্ট সকাল ১১টার দিকে ট্যাংক লরির চাকার সমস্যা থাকায় আমি ও সাগর গোদনাইল থেকে চিটাগাংরোড বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় দেখি আমার গাড়িটি একজন পরিষ্কার করছিলেন। এ বিষয় জানতে চাইলে সাগর জানায়, ওই ব্যক্তিকে সে নিয়োগ করেছেন, আর তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে দুপুর ১২টার দিকে চিটাগাংরোড ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে সাগর ফোন করে কয়েকজনকে ডেকে আনেন। এরপর অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে ধারালো চাপাতি নিয়ে সাগর মনিরের মাথার মাঝখানে কোপ দেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাগরসহ অন্যরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
মনির হোসেনের আরও অভিযোগ, হামলার সময় তাঁর পরনের প্যান্টের সামনের বাম পকেটে থাকা নগদ ৭০ হাজার টাকা সাগর নিয়ে যান। পরে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে পথচারীদের সহায়তায় মনির হোসেনকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলেও এখন পর্যন্ত মূলঅভিযুক্ত সাগরসহ অন্যরা গ্রেফতার হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এস আই শাহ আলম জানান, আসামি সাগরকে গ্রেপ্তারে তার বাড়িতে দুই দফা অভিযান চালানো হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


































