নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুই ওয়ার্ডে পরিচালিত বিশেষ কার্যক্রম পরিদর্শন করেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি বিভিন্ন এলাকায় ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড এবং বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে বৃহস্পতিবার থেকে এই দুই ওয়ার্ডে বিশেষ ক্রাশ অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
নাসিক প্রশাসক বলেন, সংশ্লিষ্ট এলাকার মশককর্মীদের বিভিন্ন গলি ও এলাকায় ভাগ করে দায়িত্ব দিতে হবে। ওয়ার্ডের সুপারভাইজার ও সচিবদের সমন্বয়ে প্রতিটি এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করতে হবে।
অভিযানের অংশ হিসেবে দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়। পরে এসব এলাকায় ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফা, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল খান বাবু, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও সুপারভাইজার এবং সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীরা।


































