নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, আহত ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪৪, ৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, আহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়িয়াব প্রিমিয়ার রোলিং মিলে ভাট্টি বিস্ফোরণে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে আবির (৩০) নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে আড়িয়াব প্রিমিয়ার রোলিং মিলের ভেতর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিলের চার শ্রমিক আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন—আবির (৩০), নাবির (২৫), নাজমুল (৩০) ও রকিব (২৫)।

ঘটনার পর আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রোলিং মিলের ভাট্টি লিক হয়ে গরম মালামাল নিচে পড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিস্ফোরণের ঘটনায় রোলিং মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়: