নারায়ণগঞ্জের বন্দরে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে ওমানপ্রবাসী রবিন শেখের (২৫) কাছ থেকে ৮৮ হাজার ৮৯০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিন শেখ দেশে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপন দেখে আবেদন করলে প্রতারক চক্রটি তাকে ঘরে বসে সহজে আয় করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে নিবন্ধন করায়।
একপর্যায়ে রবিন দারাজের একটি সাপোর্ট ইউনিটে কাজ শুরু করেন। কিছুদিন পর প্রতারক চক্রটি তার অনলাইন অ্যাকাউন্টে ১ লাখ ৩৯ হাজার টাকা জমা হয়েছে বলে জানায়। তবে অ্যাকাউন্টে ভুল হওয়ার অজুহাত দেখিয়ে ওই টাকা উত্তোলনের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে বিকাশের মাধ্যমে আরও টাকা পাঠাতে হবে বলে জানানো হয়।
প্রতারক চক্রের কথায় বিশ্বাস করে রবিনের বাবা মোশারফ হোসেন কয়েক দফায় বিকাশের মাধ্যমে মোট ৮৮ হাজার ৮৯০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই চক্রটির ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বন্ধ হয়ে যায় তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ।
পরে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে মোশারফ হোসেন বন্দর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


































