ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও লাখ লাখ টাকা দাবির অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী তরুণীর পরিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ফেসবুকে রবিউল ইসলামের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুযোগ নিয়ে রবিউল বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৫০ হাজার টাকা নেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ভিডিও কলের মাধ্যমে তরুণীর কাছে অশ্লীল ছবি চান তিনি। তরুণী কয়েকটি ছবি পাঠানোর পর সেগুলোকে পুঁজি করে আরও লাখ লাখ টাকা দাবি করেন রবিউল। টাকা না দিলে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানালে তারা আইনের আশ্রয় নেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রবিউলকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের সময় রবিউলের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া তার ব্যবহৃত সাত থেকে আটটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পেয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































