নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪০০ শ্রমিক কাজ করে। তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালে কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানায়। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখেন। এতে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ । মালিকপক্ষ আগামীকাল বৃহস্পতিবার বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক ছেড়ে পুনরায় কাজে যোগ দেয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।


































