নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ আগস্ট ২০২৬

কাঁচপুরে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২১, ২২ আগস্ট ২০২৬

কাঁচপুরে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াখালী থেকে একটি বাসযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছে। পরে বিষয়টি কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে অবহিত করে পুলিশ সদস্যরা কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে তল্লাশি চৌকি বসান।

সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে ট্যামিম নার্সারির সামনে একটি লাল-সবুজ এসি বাসকে সংকেত দিয়ে থামানো হয়। পরে বাসের চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিনকে (২২) জিজ্ঞাসাবাদ করা হলে তারা বাসে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বাসটির পেছনের ডান পাশে মালামাল রাখার বক্সে একটি নীল রঙের কাপড়ের ব্যাগে রাখা তিনটি পোটলা থেকে ৩ কেজি এবং আরও তিনটি পোটলা থেকে ৬ কেজি—মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।