নারায়ণগঞ্জের পূর্ব মসিনাবন্দে "বৈষম্যমুক্ত মানবিক ফোরামের "ছাত্র কল্যাণ ইউনিটের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।২১ আগস্ট ২০২৬, শুক্রবার বাদ মাগরিব পূর্ব মসিনাবন্দে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বশির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আলমগীর মোল্লা, মো. সাইফুল হোসেন ও মোহাম্মদ মেহেদী মোঃ হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যমুক্ত মানবিক ফোরামের সভাপতি মোহাম্মদ মামুন হোসেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম।প্রধান অতিথি মোহাম্মদ বশির হোসেন বলেন, “একটি সুন্দর ও মানবিক সমাজ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু শিক্ষা সামগ্রী বিতরণ নয়, তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বৈষম্যমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মামুন হোসেন বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কোনো শিক্ষার্থী যেন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র কল্যাণ ইউনিটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।”তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের এলাকার অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন আরও সুন্দর ও সহজ হবে। শিক্ষা বিস্তারের এই কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”অনুষ্ঠানের শেষপর্যায়ে আয়োজক, অতিথি, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মামুন হোসেন। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতা, উপস্থিতি ও পরিশ্রমের কারণেই অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে।
এ সময় আয়োজক ও উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।


































