নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬

বিক্ষোভ, সড়ক অবরোধ

বন্দরে বুলবুল হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৩৬, ২১ আগস্ট ২০২৬

বন্দরে বুলবুল হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির নেতা-কর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় বন্দরের মদনপুর এলাকায় মহসড়কটি অবরোধ করেন তারা।  

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়কে টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে অবরোধ করে রা‌খলে পুলিশ ও প্রশাসনের লোকজন তাদের নিবৃত করার চেষ্টা করে। প‌রে এগারোটার দিকে তারা অবরোধ তুলে নেন।

 

২০২৪ সালের গণ-অভ্যুত্থান আন্দোলনে অংশ নেওয়ার কারণে বুলবুলের রিকশার গ্যারেজে লুটপাট চালায় সিফাতের নেতৃত্বাধীন একটি দল। এ ঘটনায় শেখ সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন বুলবুল। মামলা দায়েরের পর থেকেই সেটি প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বুলবুল‌কে।

 

বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে শেখ সিফাত ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাত ও তার সঙ্গে থাকা লোকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত বিষয়: