নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ আ:লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা–কর্মী বসুন্ধরায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:৩৫, ১৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ আ:লীগ ও  অঙ্গসংগঠনের ৫৩ নেতা–কর্মী বসুন্ধরায় গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

গ্রেপ্তার সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাটারা থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে এই নেতা–কর্মীরা সমবেত হয়েছিলেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। ভাটারা থানার পুলিশ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

 

এদিকে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের সদস্য। সেখানে আরও কয়েকজন বড় নেতার আসার কথা থাকলেও তারা উপস্থিত হননি।

 

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারদের অনেকেই নতুন কেনা সাদা পাঞ্জাবি পরা ছিলেন। ওই বাসাটির মালিক কে এবং অনুষ্ঠান আয়োজনের অর্থায়ন কোথা থেকে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।