সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ফতুল্লায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদারসহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করেছেন। দেশের মানুষের কাছে তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণের পাশে থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার দেওয়া কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জুলাই আন্দোলন ও আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জন্যও দোয়া কামনা করা হয়।
পরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিভিন্ন আন্দোলনে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


































