১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় লংমার্চ সেখানে পৌছায়।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণভোট বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস বিদ্যুৎ জ্বালানী সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, ভাঁওতাবাজি করছে। জনগণ তাদেরকে ক্ষমা করবেনা। ১১ দলীয় ঐক্য জোট জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস এই চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, আমাদের লং মার্চ সফল হবে। তেল, গ্যাসের দাম দাম না কমালে এই সরকারকে গদি ছাড়তে হবে। এসময় তিনি সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুক হক বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা কঠিন মুহুর্তেও প্রস্তুত আছি। সকরাক প্রধানকে বলবো এই জাতির পালস বুঝার চেষ্টা করেন, শেখ হাসিনা ৩ বার মানুষের ভোট নিয়ে খেলেছে, তাই তাকে এই দেশের মানুষ ছক্কা মেরে বিদায় করেছে। ফ্যামিলি কার্ড দিয়ে প্রতারণা করলে এই দেশের মানুষ লালা কার্ড দেখাবে।
এসময় আরও বক্তব্য রাখেন, এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বীরপ্রতীক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন এমপি।
পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। উপস্থিত ছিলেন, জামায়ের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন সহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রামমুখি লং মার্চ শুরু হয় । সকাল থেকে রাজধানীর আশপাশ ও নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকেরা লং মার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইলে ট্রাক স্ট্যান্ডে জড়ো হন। শিমরাইলের সংক্ষিপ্ত পথসভা শেষে শত শত বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির বহর চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের সমাপনী মহাসমাবেশের উদ্দেশে রওনা হয়।


































