নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

দুই নম্বর গেটে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুই নম্বর গেটে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেট এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ১১ টার দিকে এ ঘটে এ ঘটনা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আগুন আশপাশেও ছড়িয়ে পড়তে পারেনি।

নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৪৮ মিনিটে অগ্রণী ব্যাংকের সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর সদর ফায়ার সার্ভিস স্টেশনের ফার্স্ট কল ও সেকেন্ড কলের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় ফায়ার সার্ভিসের পাঁচ থেকে ছয়জন সদস্য ওই এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক একটি র‍্যালিতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

 

তিনি বলেন, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। মাত্র দুই মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে যায়।

সকাল ১০টা ৫৫ মিনিটে অগ্নিনির্বাপণের কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রায় দুই মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয় বলে জানান স্টেশন অফিসার।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক খুঁটির সংযোগে শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি আরও যাচাই করা হবে।

দ্রুত অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করায় আগুন বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আসে। ফলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানসহ এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।