নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁর কুশপুত্তলিকা দাহ করে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে যান। সেখানে তাঁরা শামীম ওসমানের ফাঁসির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁর কুশপুত্তলিকাও দাহ করা হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতা সৃষ্টি করতে না পারেন, সে জন্য তাঁরা মশাল মিছিল করেছেন। বিশেষ করে শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই তাঁর বাড়ির ফটকে আগুন দেওয়া হয়েছে। বাড়ির ভেতরেও আগুন ছোড়া হয়েছে এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
উল্লেখ্য, শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে যান বলে জানা যায়। ওই দিন তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।


































