ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে নারায়ণগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। হাতে ঝাড়ু ও বালতি নিয়ে তারা বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ, শ্রেণিকক্ষের আশপাশ, বারান্দা ও খোলা জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন করে তোলা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড ও স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে দায়িত্বশীল করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে। ঢাকাকেন্দ্রিক কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্কাউটস, বিএনসিসি ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রেবতী মোহন পাইলট স্কুলের শিক্ষার্থীদের এ উদ্যোগ বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


































