নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

শেষ হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৪, ২১ নভেম্বর ২০২৬

শেষ হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে “নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি” পরীক্ষা শেষে হয়েছে। দুইদন ব্যাপি জেলার ২০০ বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ১৬৭২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। পাঁচটি উপজেলায় ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার সকালে ও বিকেলে এবং শনিবার সকালে ও বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার একটি করে মোট ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে কেন্দ্র পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সুন্দর ও সুশৃংখলভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

এসময় তিনি বলেন, বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকরা তাকে জানিয়েছেন, এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করায় তাদের সন্তানরা অনেক উপকৃত হয়েছে। তারা বৃত্তি পরীক্ষার জন্য পুরো পাঠ্যবই পড়েছে। ফলে তাদের সামনে বার্ষিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা ভালো ভাবে হয়েছে। এতে বৃত্তি পাওয়া না পাওয়া আমাদের কাছে বড় নয়। এটা শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি তাদের আশ্বস্থ করেছি সকলের সহযোগিতায় এই বৃত্তি চালু থাকবে।

মামুন মাহমুদ আরও বলেন, আমি মনে করি এই বৃত্তি পরীক্ষা বাচ্চাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়া-শোনার একটা প্রতিযোগিতা তৈরী হবে। 

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে ফলাফল ঘোষণা করা হবে। এবং জাকজমকপুর্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেয়া হবে বৃত্তিপ্রাপ্তদের।

সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সামসুজ্জামান, জেলা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদ বাহাউদ্দিন, মতিনুল ইসলাম মতিন, মো: কাউসার আহমেদ প্রমুখ।