নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬

নাসিকের প্রশাসক নিয়োগ পেয়ে যা বললেন সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নাসিকের প্রশাসক নিয়োগ পেয়ে যা বললেন সাখাওয়াত হোসেন খান

নারায়ণগহ্জ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়ে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন,আমি আমার দলের চেয়ারম্যান এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি দলের প্রতি একজন বিশ্বস্ত মানুষ। দীর্ঘ দিন যাবৎ, গত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের বিভিন্ন পদে দায়িত্বে ছিলাম।

এই দায়িত্ব পালন করতে যেয়ে দলের জন্য অনেক কাজ করেছি, অনেক সরকারের দ্বারা অনেক মামলা খেয়েছি, অনেকবার জেল খেটেছি, শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, নিগৃহীত হয়েছি, পরিবার নিগৃহীত হয়েছে। সোমবার দুপুরে (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার ছেলেকে অপহরণ করা হয়েছিল ডিবি হারুনের মাধ্যমে। তারপরেও বিএনপির রাজনীতিকে আঁকড়ে ধরে রেখেছি। আমি মনে করি এই যে বিএনপির প্রতি আমার আনুগত্য এবং দল সেই আনুগত্যেরই একটা মূল্যায়ন করেছে এবং সেই মূল্যায়নের জন্য আমি আমার দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

সাখাওয়াত হোসেন বলেন, আমি একটা কথাই সবসময় বলতে চাই, আমি খুব স্ট্রং প্রিন্সিপালের লোক। আমি সবসময় সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করি।

 সেই হিসেবে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এটাকে আমি মনে করি এটা কোনো ক্ষমতা নয়, এটা একটা দায়িত্ব। এই দায়িত্ব গুরুদায়িত্ব। এই দায়িত্বকে অত্যন্ত পবিত্রতার সাথেই পালন করবো, ইনশাআল্লাহ। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ অত্যন্ত একটি অনগ্রসর শহর। বাংলাদেশের জাতীয় আয়ের একটা বিশেষ অংশ এই নারায়ণগঞ্জ থেকে হলেও নারায়ণগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে ওরকম ধরনের উন্নয়ন সাধিত হয় নাই।

সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো- বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে গুরুত্বহীন জায়গায় বড় বড় ব্রিজ হয়েছে, অথচ এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে শীতলক্ষ্যা নদীর মাধ্যমে যেভাবে বিভক্ত করে রাখা হয়েছে।

যে সময় আমি বন্দর ঘাট, নবীগঞ্জ ঘাটে যাই মানুষের পারাপারের জন্য যে ছুটাছুটি সেটা আমার কাছে খুব খারাপ লাগে। তো আমি চেষ্টা করবো এই দুই পারকে একসাথে মিলন ঘটাতে।