নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ১০০০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৩, ৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ১০০০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, নারায়ণগঞ্জে এক হাজার শয্যার একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, দেশে সরকারি ও বেসরকারি সাধারণ হাসপাতাল মোটামুটি থাকলেও বিশেষায়িত হাসপাতাল নেই। এ কারণে বাংলাদেশে বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরে অন্তত সাত থেকে আটটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

 শুক্রবার (৫ জুন) বিকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহে সামাজিক সংগঠন টিম খোরশেদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্সসেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে একটি হাসপাতালের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। চীনা সরকারের সঙ্গে কথা হয়েছে, যাদের মাধ্যমে নীলফামারীতে এক হাজার শয্যার একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মিত হবে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে।

 

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে ফ্রি অ্যাম্বুলেন্সসেবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

রাজনীতি প্রসঙ্গে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, মহড়া দেওয়ার রাজনীতির দিন শেষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী মনেপ্রাণে চান বাংলাদেশে নলেজ বেইজড পলিটিকস চালু করতে। রাজনীতির কেন্দ্রে থাকবে উন্নয়ন এবং মানুষের কল্যাণকেন্দ্রিক রাজনীতি করতে হবে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের প্রথম দুই দিনের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি, যেখানে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়বে।

 

দেশের উন্নয়নে অংশীদারত্বমূলক কাজের ওপর গুরুত্বারোপ করে জিয়াউদ্দিন হায়দার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গঠন একার পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

টিম খোরশেদের প্রধান সমন্বয়কারী মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

সম্পর্কিত বিষয়: