নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জনি হত্যা মামলার সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা আব্দুস শুক্কুর মিয়া, ভাই এম তানভীর, আবু বকর সিদ্দিক, ভগ্নিপতি আল-আমিন, চাচা মিজানুর রহমান মিলনসহ দেলপাড়া এলাকার বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলার আসামি ফারজানা আক্তার মুন্নী, মো. সৈকত, হাফসা আক্তার (শৈলী), লিংকন ও আমিনা বেগমসহ অন্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২৯ জুন ভোররাতে ফতুল্লার দেলপাড়া এলাকায় মো. জাহাঙ্গীর আলম জনি নিহত হন। পুলিশ জানায়, ঘটনার পর জনির স্ত্রী ফারজানা আক্তার মুন্নীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফারজানা আক্তার মুন্নী, মো. সৈকত, হাফসা আক্তার (শৈলী), লিংকনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ফারজানা আক্তার মুন্নী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


































