নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে নারায়ণগঞ্জ কলেজকে: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৪৫, ১৪ জুলাই ২০২৬

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে নারায়ণগঞ্জ কলেজকে: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে জনআস্থা অর্জনের মাধ্যমে নারায়ণগঞ্জ কলেজকে এগিয়ে যেতে হবে।

সম্প্রতি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নবী হোসেনের নেতৃত্বে সদস্যরা এমপি আবুল কালামের কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ কলেজের আশপাশে সরকারি কলেজ থাকায় স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের আগ্রহ সেদিকে বেশি থাকে। তাই একটি বেসরকারি কলেজ হিসেবে সেবার মান, শিক্ষার গুণগত উন্নয়ন ও জনআস্থা অর্জনের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে হবে। তিনি বলেন, বেসরকারি কলেজের জন্য শহর, জেলা ও বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনের সুযোগ রয়েছে, আর সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ১৯৮০ সালে তাঁর বাবা, তৎকালীন সংসদ সদস্য আলহাজ জালাল উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেন। অনেকের পরামর্শ ছিল কলেজটির নাম তাঁর নামে রাখার, কিন্তু তিনি নারায়ণগঞ্জের নামকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানের নাম রাখেন ‘নারায়ণগঞ্জ কলেজ’। এমপি হিসেবেও তিনি একই ধারা অনুসরণ করেছেন বলে উল্লেখ করেন।

আবুল কালাম বলেন, কলেজ পরিচালনার দায়িত্ব স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ ব্যক্তিদের হাতে দেওয়া হয়েছে। বর্তমান গভর্নিং বডির নেতৃত্বে নারায়ণগঞ্জ কলেজ আরও সুনাম ও গৌরব অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় গভর্নিং বডির পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন এমপি আবুল কালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নারায়ণগঞ্জ কলেজের ২০২৬-২০২৮ মেয়াদের গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম। দাতা সদস্য হিসেবে রয়েছেন প্রবীর কুমার সাহা। হিতৈষী সদস্য আবুল কাউসার আশা। অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান। পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুন নূর বাঁধন এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ফয়সাল আজিজ তুষার।

সম্পর্কিত বিষয়: