নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১২ জুলাই ২০২৬

বন্দরে শাশুড়িকে নির্যাতন, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ১২ জুলাই ২০২৬

বন্দরে শাশুড়িকে নির্যাতন, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

 নারায়ণগঞ্জের বন্দরে বৃদ্ধা শাশুড়িকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে পুত্রবধূসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার বিবিজোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন বিবিজোড়া মিনারবাড়ী এলাকার মৃত তাহর আলী প্রধানের ছেলে সেকান্দার মিয়া (৫৫), তার মেয়ে মারুফা আক্তার মীম (২৬) এবং ছেলে ইয়াসিন (২০)।

 

এ ঘটনায় আহত বৃদ্ধার মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে শনিবার রাতে বন্দর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩২৩, ৩২৫, ৩০৭, ১১৪ ও ৫০৬(২) ধারায় রুজু করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

 

মামলা সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ গ্রামের শাহ জালাল মিয়া প্রায় দুই বছর আগে পাশ্ববর্তী বিবিজোড়া গ্রামের মারুফা আক্তার মীমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই পুত্রবধূ ও শাশুড়ির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

 

অভিযোগ অনুযায়ী, গত ১ জুন বিরোধ মীমাংসার উদ্দেশ্যে মীম তার মা-বাবা ও ভাইকে নিয়ে স্বামীর বাড়িতে যান। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে বৃদ্ধা শাশুড়ির ওপর হামলা চালানো হয়। তাকে গলা চেপে ধরে মাটিতে আছাড় দেওয়া ও এলোপাতাড়ি মারধরের ফলে তার কোমরের হাড় ভেঙে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, বৃদ্ধা নারীকে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।