নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দুইতলা ভবনের পুরোনো সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতরা হলো সামিয়া (৬) ও রুহুল আমিন (৮)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রোববার (১২ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার ২ নম্বর রোড এলাকায় মো. মিজান ও আক্তারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে পুরোনো সীমানা প্রাচীরটি ধসে পড়লে দুই শিশু নিচে চাপা পড়ে। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত রুহুল আমিনের বাবা মো. রাসেল এবং সামিয়ার বাবা আব্দুর রহিম বাদশা। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক এবং একই এলাকার মাসুম ও জালাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
গুরুতর আহত রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামিয়াকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, ভবন ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণবিধি অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, বাড়ির মালিকের অবহেলা ও গাফিলতির কারণেই দুই নিষ্পাপ শিশুর জীবন এখন সংকটাপন্ন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামসুদ্দোহা বলেন, “সকালে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


































