নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাগ-এ জান্নাত মাদ্রাসা ও একটি বসতবাড়িতে চুরির ঘটনায় জনতার হাতে আটক দুই চোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার বাদী ক্ষতিগ্রস্ত গৃহবধূ আঁখি আক্তার। তিনি গত শনিবার (১১ জুলাই) আটক দুই চোরসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৭৯, ৩৮০ ও ৪১১ ধারায় রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দরের নবীগঞ্জ রোড পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে সুমন (৪৫) এবং নবীগঞ্জ কবরস্থান রোড এলাকার রাজ্জাক মিয়ার ছেলে সাব্বির (২০)। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে বাদীর বাড়ির আঙিনা থেকে চারটি পুরোনো লোহার চেয়ার ও একটি লোহার টেবিল চুরি হয়। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, একই সময় নবীগঞ্জ বাগ-এ জান্নাত মাদ্রাসা থেকে একটি ভাঙা লোহার গ্রিল, একটি টিউবওয়েলের মাথা ও একটি ভাঙা মাইকের হর্ন চুরি করার সময় স্থানীয় জনতা দুই চোরকে আটক করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাদী দেখতে পান, স্থানীয়দের হাতে আটক দুই ব্যক্তি আহত অবস্থায় রয়েছেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তারা বাদীর বাড়ি থেকে চেয়ার ও টেবিল চুরির কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, অজ্ঞাত সহযোগীদের নিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে চুরি করে আসছিল।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই আসামি ও উদ্ধারকৃত আলামত নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।


































