চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ থেকে প্রথম রেসপন্স টিম হিসেবে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অফ বাংলাদেশ।
সংগঠনটি জানায়, সার্চ, রেসকিউ ও ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি বিশেষ টিম চট্টগ্রামে পাঠানো হয়েছে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন লজিক অফ বাংলাদেশের ফাউন্ডার, ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি।
লজিক অফ বাংলাদেশের কেন্দ্রীয় টিম ও চট্টগ্রাম টিম যৌথভাবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া এবং প্রয়োজন অনুযায়ী বান্দরবানের বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরামর্শ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সমন্বয়ে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন-এর সঙ্গে পৃথক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের কৌশল, অগ্রাধিকার এলাকা এবং সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত ব্রিফিং সম্পন্ন করা হয়।
বর্তমানে লজিক অফ বাংলাদেশের রেসপন্স টিম চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অবস্থান করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি জানিয়েছে, পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী দুর্গত অন্যান্য এলাকাতেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।


































