নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১২ জুলাই ২০২৬

বন্দরে ৪ শতাধিক পরিবারকে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মুসল্লীদের সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২১, ১২ জুলাই ২০২৬

বন্দরে ৪ শতাধিক পরিবারকে জলাবদ্ধতা  থেকে মুক্তির দাবিতে মুসল্লীদের সমাবেশ

নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটিয়ে প্রায় ৪ শতাধিক পরিবারকে পানিবন্দী জীবন থেকে মুক্তির দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লী ও এলাকাবাসী।

 

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাসেরগাঁও জামে মসজিদের সামনে এ দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের সুদৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

 

দাসেরগাঁও জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফার সার্বিক সহযোগিতায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মসজিদ কমিটির অর্থ সম্পাদক নাজিমউদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, মুসাপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, যুবদল নেতা রুবেলসহ স্থানীয় মুসল্লী ও বাসিন্দারা।

 

বক্তারা বলেন, মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাসেরগাঁও এলাকায় প্রায় ৪ শতাধিক পরিবারের বসবাস। বছরের অধিকাংশ সময়ই এলাকায় হাঁটুপানি জমে থাকে। বৃষ্টি হলেই পুরো মহল্লা পানিতে তলিয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের।

 

তাদের অভিযোগ, এলাকায় কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই। এছাড়া পানি নিষ্কাশনের একমাত্র খালটি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অবৈধ দখল ও ভরাটের কারণে বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।

 

সমাবেশে বক্তারা বলেন, অতীতে বিভিন্ন সরকারের আমলেও এ সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে খাল উদ্ধার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং এলাকাবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার দাবি জানান তারা।

সম্পর্কিত বিষয়: