নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে ডেঙ্গু আতঙ্ক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩৪, ২৪ জুলাই ২০২৬

হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে ডেঙ্গু আতঙ্ক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এবং মশার ব্যাপক উপদ্রবে এলাকায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট ব্যবহার করলেও ঘাটের পাশেই বর্জ্য ফেলে রাখায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বর্ষাকালে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ছে বলে তাদের আশঙ্কা। দিন-রাত মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেক পরিবারের সদস্য, বিশেষ করে শিশুদের জ্বর-জ্বালায় ভুগতে হচ্ছে, ফলে ডেঙ্গুর আশঙ্কা আরও তীব্র হয়েছে।

ঘাটসংলগ্ন ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। এক ব্যবসায়ী বলেন, "ময়লার দুর্গন্ধে দোকানে বসে থাকাই কঠিন হয়ে গেছে। ক্রেতারা গন্ধ ও মশার কারণে দোকানে আসতে চান না। বাধ্য হয়ে সারাদিন কয়েল জ্বালিয়ে রাখতে হয়। দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ না করলে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়বে।"

এলাকাবাসীর দাবি, নিয়মিত বর্জ্য অপসারণ এবং কার্যকর মশক নিধন কর্মসূচির অভাবেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তারা দ্রুত ময়লা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং মশক নিধনে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য নাসিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জনবহুল এই এলাকায় ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

সম্পর্কিত বিষয়: