নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

১১ দফা দাবিতে আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকদের ৫ ঘন্টা সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২৩, ২৫ জুলাই ২০২৬

১১ দফা দাবিতে আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকদের ৫ ঘন্টা সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ৫ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরের খানপুর আনোয়ারা গ্রুপের পোশাক কারখানার 

এ কর্মসূচি পালন করে। 

 শ্রমিকদের অবরোধের কারণে চিটাগাংরোড-চাষাড়া সড়কের হাজীগঞ্জ মোড় থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথ চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয় নগরবাসী। 

 

এর আগে গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শনিবার তারা ১১ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

 

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পরিপূর্ণ বাৎসরিক অর্জিত ছুটির টাকা পরিশোধ, শতভাগ বোনাস প্রদান, হাজিরা বোনাস চালু, অর্ধবেলা ছুটির জন্য বেতন কর্তন না করা, স্টাফদের শোভন আচরণ নিশ্চিত করা, ঈদের ছুটিতে বেতনভুক্ত ছুটির সুবিধা যুক্ত করা, চাকরির সার্ভিস-সংক্রান্ত সকল পাওনা পরিশোধ, পিস রেট কত শতাংশ বৃদ্ধি করা হবে তা প্রকাশ, অস্ত্রধারী অ্যাডমিন জাকিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে কর্মস্থল থেকে বহিষ্কার, শ্রম আইন অনুযায়ী সকল ন্যায্য পাওনা পরিশোধ এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।

 

শ্রমিকরা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তারা অনড় রয়েছেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা চলছে। কয়েকটি দাবি মালিকপক্ষ মেনেও নিয়েছে। বাকি দাবিগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে শ্রমিকরা এই সড়কটি বন্ধ করে রাখায় আমরা বিকল্প সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। বিকেল সাড়ে ৪ টায় শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে সড়কটি ছেড়ে দেয়।

সম্পর্কিত বিষয়: