নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬

মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, সদরে ১০ জন পেলেন চাষের উপকরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৩৭, ১ অক্টোবর ২০২৬

মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, সদরে ১০ জন পেলেন চাষের উপকরণ

অল্প জায়গা ও স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের দুইটি ব্যাচে মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১ অক্টোবর) অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণকে বাস্তব উদ্যোগে রূপ দিতে প্রতি ব্যাচের শীর্ষ পাঁচজন করে মোট ১০ জন প্রশিক্ষণার্থীকে মাশরুম চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অল্প জায়গা ও তুলনামূলক কম খরচে মাশরুম উৎপাদন সম্ভব হওয়ায় বেকার ও কর্মপ্রত্যাশীদের জন্য এটি আত্মকর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে মাশরুম চাষকে আয়মুখী উদ্যোগে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্প পুঁজি ও অল্প জায়গায় মাশরুম চাষের মতো জলবায়ু সহনশীল উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।