নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ৩ আসামি, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য রয়েছেন।
পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানায় ৪ জন, ফতুল্লা মডেল থানায় ৩০ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন, বন্দর থানায় ৪ জন, সোনারগাঁ থানায় ২৪ জন, রূপগঞ্জ থানায় ৫ জন এবং আড়াইহাজার থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক অভিযানের চিত্র
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী ও ১৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় একজন এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী ও নয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পরোয়ানাভুক্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ী ও ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পরোয়ানাভুক্ত একজন এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনজন মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।


































