নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৭৫ নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৫, ১২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৭৫ নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদ

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ৭৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ।

অনুষ্ঠানে নারীদের উদ্দেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ৩১ দফা কর্মসূচির প্রতি আস্থা রেখে জনগণ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আকাঙ্ক্ষা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা।

তিনি বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী। এই জনগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও বিশেষ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। একজন নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও ১০ জন নারীকে স্বাবলম্বী করে তুলতে পারেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিটি পরিবারের নারীপ্রধানের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেশের প্রায় চার কোটি পরিবার এই কার্ডের আওতায় আসবে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জেও তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে কাজ করছেন। তথ্য সংগ্রহ ও ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, কে কাকে ভোট দিয়েছেন, কে কোন দলকে পছন্দ করেন, তা বিবেচ্য বিষয় নয়। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো নাগরিকই এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

সেলাই মেশিন বিতরণ প্রসঙ্গে জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলা পরিষদের সীমিত সামর্থ্যের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা সেলাই মেশিনের মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া এবং সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।

সম্পর্কিত বিষয়: