নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

শহরের গলাচিপায় বাড়িতে হামলা-ভাঙচুর, ছুরিকাঘাত, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৪, ২১ নভেম্বর ২০২৬

শহরের গলাচিপায় বাড়িতে হামলা-ভাঙচুর, ছুরিকাঘাত, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি এক নারীকে গালিগালাজ এবং দুই যুবককে মারধর ও ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে জামাল, অভি ও সাগরসহ ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গলাচিপা এলাকার নতুন মসজিদ সংলগ্ন খগেন্দ্র নাথ চক্রবর্তী সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোয়াইব হাসান আলিফ ও তার বন্ধু মগবুল আহত হয়েছেন।

 

আহত সোয়াইব হাসান আলিফের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ঘটনার দিন তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার নানার বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাড়ির দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং তার মাকে গালিগালাজ ও হয়রানি করে।

 

তিনি আরও জানান, বাড়িতে হামলার খবর পেয়ে তিনি বন্ধু মগবুলকে সঙ্গে নিয়ে সেখানে যাওয়ার পথে অভিযুক্তরা তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় মগবুলের ডান হাতে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এতে তার হাতের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে মারধর করে রাস্তার পাশের ড্রেনে ফেলে রাখা হয়।

 

অন্যদিকে, সোয়াইবের বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে এক অভিযুক্ত ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করে কেটে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

 

এ ঘটনায় বৃহস্পতিবার সোয়াইব হাসান আলিফ ফতুল্লা মডেল থানায় জামাল, অভি, সাগরসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।