কিশোরী ও ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাই স্কুলে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে লায়ন্স ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি, আলোর পথযাত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাকিয়া পারভীন লিপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, কিশোরীদের ক্যান্সার নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান আলোর পথযাত্রীর চেয়ারম্যান ড. সাদিয়া আফরোজ মুক্তি, এলাইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. বদরুদ্দোজা এবং বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সেক্রেটারি লায়ন মিল্লাত হোসেন ও ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা।
সেমিনারে বক্তারা বলেন, দেশের অনেক কিশোরী বয়ঃসন্ধিকালে শরীরের বিভিন্ন পরিবর্তন ও জরায়ু-স্তনসহ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় সচেতনতা পায় না। ফলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। কিশোরীদের পাশাপাশি মায়েদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, মেয়েদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি এবং ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে পরিবার থেকেই সচেতন করে তুলতে হবে। বিশেষ করে মা ও অভিভাবকদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সেমিনার শেষে ৯ থেকে ১১ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সিটি করপোরেশনের উদ্যোগে টিকা প্রদান করা হয়।


































