স্কুলগামী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার এলাকার পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক বাপ্পি কুমার দাসসহ কয়েকজন চিকিৎসক। তিনি বলেন, শিশুদের মধ্যে সাধারণত যেসব রোগের প্রকোপ বেশি দেখা যায়, সেসব রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও চুলকানিসহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের শারীরিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির প্রেসিডেন্ট আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ বলেন, রোটারি ক্লাব সবসময় মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ, রোটারিয়ান মোক্তার হোসেন টমাস, মাসুদ রানা, লুৎফর রহমান কাকন, এমরান আলী সজীব ও আনন্দ ইউসুফ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


































