নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে সিএনজি চালককে হত্যা, একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৩, ২৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে সিএনজি চালককে হত্যা,  একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে সিএনজি চালক মো. জামাল হত্যা মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামীরা অনুপস্থিত ছিলো। 

 

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০১১ সালের ১৩ জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়ার আমলাপাড়ার ১৯১ প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ির পাশে পরিত্যাক্ত টয়লেট থেকে বস্তাবন্দি অবস্থায় সিএনজি চালক জামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলাটি তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড এবং মো. আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ নম্বর আসামি মো. আরাফাত খান ওরফে শান্ত এবং ৪ নম্বর আসামি মো. খোকন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: