নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের জন্মদিন আজ ২৪ নভেম্বর। দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদকর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
১৯৯৪ সালে দৈনিক শক্তিতে লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন বিল্লাল হোসেন রবিন। এরপর তিনি দৈনিক আজকের কাগজ, আল মোজাদ্দেদ ও বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। বর্তমানে তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টাইমস’-এর সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি সামাজিক, মানবিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অবদান রাখছেন রবিন। তিনি জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির আজীবন সদস্য, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জের সেক্রেটারি।
এছাড়া তিনি নারায়ণগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা, বিডি ক্লিন নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা, আদমজী ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের উপদেষ্টা এবং আদমজী জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননাও পেয়েছেন তিনি।
পেশাগত জীবনে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে সাংবাদিকতা এবং সামাজিক কর্মকাণ্ডে নিজের অবস্থান তৈরি করেছেন বিল্লাল হোসেন রবিন। তাঁর ৫১তম জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


































