নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ জুন ২০২৬

বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫০, ৮ জুন ২০২৬

বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

সোমবার (৮ জুন) দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ মানববন্ধনে জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী এবং জেলা সহ-সভাপতি ইউশা ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে, তখন গণশুনানি ছাড়াই বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও করপোরেট সুবিধাভোগীদের দায় জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।

জেলা সহ-সভাপতি ইউশা ইসলাম বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে। তিনি দাবি করেন, অতীতে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিপুল অর্থ অপচয় হয়েছে এবং সেই ক্ষতির বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে। একই সঙ্গে মূল্য বৃদ্ধির পরও বিভিন্ন এলাকায় ঘনঘন লোডশেডিং অব্যাহত থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং গণবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান। পাশাপাশি কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। চলমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে শিল্প-কারখানা ও বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় বেড়েছে, যার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে।

তিনি সরকারের বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের ওপর নতুন নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজ শাখার সদস্য জাহিদ, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক মো. সোহাগসহ বিভিন্ন শাখা ও অঞ্চলের নেতাকর্মীরা।

কর্মসূচি থেকে বক্তারা বিদ্যুতের বর্ধিত মূল্য দ্রুত প্রত্যাহার এবং জনগণবান্ধব জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানান।

সম্পর্কিত বিষয়: